উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। শনিবার (২১ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
র্যালিতে কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও পুনর্মিলনীর বিশেষ পোশাকে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মিশু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানা, বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মাহাতাব বিশ্বাস এবং শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বাহেজ উদ্দিন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্মৃতিচারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ, শিক্ষক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও মনোজ্ঞ কনসার্ট।
Reporter Name 













