শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে পাবনায় শহদী বুলবুল কলেজে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সাদাত বাহার , পাবনা :
মাদককে ” না” বলুন
জীবনকে ভালোবাসুন – মাদক থেকে দূরে থাকুন।
এই স্লোগানকে সামনে রেখে
শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে পাবনায় সরকারি শহীদ বুলবুল কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গনে এক আলোচনা সভা, লিফলেট বিতরণ, খাতা ও কলম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাবনা শহরের সরকারি শহীদ বুলবুল কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়।
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক -জনাব মো শহিদুল মান্নাফ কবির। তিনি বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আরও উপস্থিত ছিলেন – সরকারি শহীদ বুলবুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক – জনাব মোঃ শফিউল আলম।তিনি বলেন মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছি।
সভায় সভাপতিত্ব করেন সরকারি শহীদ বুলবুল কলেজের ইতিহাস বিভাগের প্রধান – প্রফেসর মোছা: ইসমত আরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ সংস্কৃতিচর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লিফলেটে উল্লেখ করা হয়, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি, সামাজিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক নানা জটিলতা তৈরি হচ্ছে।
মাদক গ্রহণে স্মৃতিশক্তি হ্রাস, হৃদরোগ, কিডনি ও লিভারের ক্ষতি, মানসিক ভারসাম্যহীনতা এমনকি মৃত্যুঝুঁকিও বাড়ে। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় অমনোযোগ, পরিবার থেকে বিচ্ছিন্নতা ও অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পায়।
লিফলেটে মাদকাসক্তির কিছু সাধারণ লক্ষণও তুলে ধরা হয়েছে। যেমন— আচরণগত পরিবর্তন, রাগ বৃদ্ধি, পড়াশোনায় অনীহা, অস্বাভাবিক খরচ, রাত জাগা, পরিবার থেকে দূরে থাকা এবং শারীরিক দুর্বলতা।
তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুস্থ জীবনধারায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য অধিদপ্তরের হটলাইন ও আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সচেতন মহলের ভাষ্য, “মাদক নয়, সুস্থ ও সুন্দর জীবনই হোক আগামী প্রজন্মের অঙ্গীকার।”
Reporter Name 








